ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে এসে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন।
এদিন বিকাল ৩টা বাজার পাঁচ মিনিট আগেই প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় তার পাশের সিনিয়র মন্ত্রী অনেকের চেয়ারসহ পেছনের বহু চেয়ার খালি ছিল। এর কিছুক্ষণ পরে অন্য সদস্যরা একে একে সংসদ কক্ষে আসেন।
প্রধানমন্ত্রী যখন কক্ষে প্রবেশ করেন তখন প্রথম সারিতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন, দ্বিতীয় সারিতে প্রধানমন্ত্রীর পেছনে ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তৃতীয় সারিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও অধিকাংশ চেয়ার খালি ছিল।
অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।
সময়ের আলো/জেডআই