হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ একটি বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণের পর এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা সূত্রে পূর্বপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে বিমানের কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত কৌশলে লুকানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭.৭৮৪ কেজি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৮ কোটি টাকা।
পরে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/ইউএমএইচ