কুষ্টিয়ার কুমারখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মরত নৈশ প্রহরী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) বেলা বারোটা বিশ মিনিটের দিকে কুমারখালী রেলওয়ে স্টেশনের পূর্বদিকে সুন্দরবন এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন কুমারখালীর সদকী ইউনিয়নের ঘাসখাল রামকৃষ্ণপুর গ্রামের মৃত সেকেন্দার এর ছেলে শফিকুর রহমান শফি। তিনি কুমারখালী এলজিইডি অফিসে নৈশ প্রহরী পদে কর্মরত ছিলেন।
জানা যায়, কুমারখালী রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে কোনো গেট বা গেটম্যান না থাকায় শফিকুর রহমান শফি মোটরসাইকেল যোগে রেল ক্রসের চেষ্টা করলে দ্রুতগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন।
এ সময় তার পায়ের গোড়ালির রগ কেটে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এবং প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা প্রকৌশলী নাজমুল হক জানান, শফিকুর রহমান শফি অফিসের বিদ্যুৎ বিল দিতে গিয়ে ট্রেন দুর্ঘটনার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের আলো/এআর