হরমুজ প্রণালী থেকে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীকে সরিয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরটির পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ইরান।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি সামরিক তৎপরতার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ পিছু হঠতে বাধ্য হয়েছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে কড়াকড়ি আরোপ করে ইরান। এক পর্যায়ে জ্বালানি ট্যাঙ্কারগুলো এই সমুদ্রপথ এড়িয়ে চলতে শুরু করে। তবে আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ছিল ইরানের একচ্ছত্র আধিপত্যের প্রধান বাধা। এবার সেই বাধা দূর হয়েছে বলে দাবি করছে ইসলামি প্রজাতন্ত্রটি।
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, একজন ইরানি নৌ-কমান্ডার জানিয়েছেন, ইরান মার্কিন বাহিনীকে তাদের নাগালের মধ্যে আসার জন্য অপেক্ষা করছে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন।
তিনি দাবি করেন, ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালী এখন থেকে বিনাবাধায় এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তেহরান। ( সূত্র : আল জাজিরা)
এফআর