মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা অধিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিন দিন আগে গ্রেফতার হন এক-এগারো সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ। দুজনই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল।
এর মধ্যে জেনারেল মাসুদকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। আর জেনারেল মামুনকে জুলাই হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বর্তমানে তারা উভয়েই রিমান্ডে রয়েছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই দুই সেনা কর্মকর্তা গ্রেফতারের পর আবারও আলোচনায় আসে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে গঠিত এক-এগারো সরকার।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ২০০৭ সালে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারির দায় এখনও স্বীকার করেননি তারা। আর বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়েছেন দুজন।
ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, তা বিচার বিশ্লেষণ করছি। এটা তদন্তের বিষয়।
গোয়েন্দা পুলিশ বলছে, এক-এগারোর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদসহ ৬ সেনা কর্মকর্তা। বাকিদের বিষেয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া, সেই সময় গ্রেফতার-নির্যাতন, দুর্নীতি, জিম্মি করে অর্থ আদায়সহ নানা অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান পুলিশের।
শফিকুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকেই যোগাযোগ করছেন। আমরা বলেছি, আপনারা আনুষ্ঠানিক অভিযোগ করেন, আইনগত ব্যবস্থা আমরা নেব।
/ইউএমএইচ