প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:০৯ পিএম
সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেলসহ একটি ট্রাঙ্কলরি জব্দ। ছবি : সময়ের আলোচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে অবৈধ জ্বালানি তেল বাণিজ্যের এক জমজমাট কারবার নস্যাৎ করে দিয়েছে পুলিশ। উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেলসহ একটি ট্রাঙ্কলরি ও ৮টি ব্যারেল জব্দ করা হয়েছে। এ সময় পুলিশ তেল চুরির চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় আলমডাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালায় পুলিশ। ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে স্থানীয় ব্যবসায়ী টিটন আলীর মুদি দোকানের পেছনে একটি ট্রাঙ্কলরি থেকে অবৈধভাবে ড্রামে তেল আনলোড করা হচ্ছিল। তেলবাহী ট্রাক (নম্বর : ঢাকা মেট্রো-ফ-১১-০০৬৬) থেকে অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় হাতেনাতে চারজনকে আটক করে পুলিশ।
অভিযানকালে ট্রাকটিতে বিপুল পরিমাণ চোরাই জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৫০০ লিটার পেট্রোল (অকটেন)।
গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে ট্রাঙ্কলরি চালক আলী হোসেন (৫৩), হেলপার মোজাম হোসেন (৪৫), হেলপার রাহেন আলী (২৮) এবং আলমডাঙ্গার তেল গ্রহীতা টিটন আলী (৩৭)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, খুলনা যমুনা ডিপো থেকে তেল নিয়ে আসার পথে অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এই কাজ করছিল। চক্রটি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল, যা সরকারের রাজস্বের বড় ক্ষতি করছে। পাশাপাশি সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে বলেও জানায় পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় জড়িত আরও দুইজন আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এফআর