চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানখেত থেকে ২৫টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অভিযোগে বিল্লাল মিজি (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩০ মার্চ) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রোববার রাত আনুমানিক ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গাঁজা চাষের খবর পেয়ে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বিল্লাল মিজির ধানখেতের আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মুকলুছুর রহমান মিজির ছেলে।
পুলিশ আরও জানায়, বাংলা মাঘ মাসে ধান রোপণের সময় জমির আইলে গাঁজার বীজ বপন করেন বিল্লাল মিজি। পরবর্তীতে গাছগুলো বড় হলে গোপনে পরিচর্যা চালিয়ে আসছিলেন তিনি।
ওসি মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজন চাষিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এফআর