ইরানে চলমান যুদ্ধে হামলায় অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে স্পেন।
সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। বর্তমানে সেই কড়াকড়ি আরও বৃদ্ধি করা হয়েছে।
স্পেন ন্যাটোর সদস্য দেশ। তাদের নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলোকে এখন বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল পাইস।
সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গারিটা রবেলস বলেছেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটিই ব্যবহারের অনুমতি দিচ্ছি না। স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলো বিকল্প পথ ব্যবহারে বাধ্য হবে। তবে জরুরি কোনো ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
দেশটির অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, একতরফাভাবে এবং ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ শুরু করা একটি যুদ্ধে সমর্থন না দেওয়ার স্প্যানিশ নীতিরই প্রতিফলন এই সিদ্ধান্ত। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের তীব্র সমালোচনা করে আসছেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।