গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ‘তেল নেই’ লেখা দেখিয়ে বিক্রি বন্ধ রেখে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৩৩ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) রাতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ উল্লেখ করে বিক্রি বন্ধ রাখা হয়।
অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করা হয়।
জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা এবং অবৈধভাবে মজুত করার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও মাশিকুর রহমান আবরার অংশ নেন।
এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা জ্বালানি তেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।