ক্রীড়া কার্ড পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে যুক্ত হলো এক অভূতপূর্ব মাইলফলক। দীর্ঘদিনের অবহেলা আর আর্থিক অনিশ্চয়তা পেছনে ফেলে দেশের অ্যাথলেটরা এখন থেকে সরকারি

2026-03-31T04:30:25+00:00
2026-03-31T04:30:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ক্রীড়া কার্ড পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৩০ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে যুক্ত হলো এক অভূতপূর্ব মাইলফলক। দীর্ঘদিনের অবহেলা আর আর্থিক অনিশ্চয়তা পেছনে ফেলে দেশের অ্যাথলেটরা এখন থেকে সরকারি বেতন কাঠামোর গর্বিত অংশ। 

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই বৈপ্লবিক স্লোগান বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম পর্যায়ে ১২৯ জন কৃতী খেলোয়াড়ের হাতে গতকাল তুলে দিয়েছেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা। এই উদ্যোগের মাধ্যমে কেবল সম্মাননাই নয়, বরং অ্যাথলেটদের জন্য নিশ্চিত করা হয়েছে মাসিক ১ লাখ টাকা সম্মানী, যা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। 

প্রাথমিকভাবে ২০টি ভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা এর অন্তর্ভুক্ত হয়েছেন। ২ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ৫০০ খেলোয়াড় এই আওতায় আনা হবে। 

সাফ জয়ী নারী ফুটসাল দল থেকে শুরু করে কাবাডি, ভলিবল, আরচারি, ব্যাটমিন্টন, সেপাক টাকরো থেকে শুরু করে প্যারা-অ্যাথলেটদেরও এই তালিকায় রাখা হয়েছে। ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই কাঠামোর বাইরে থাকলেও দেশের অন্যান্য অবহেলিত খেলার মানোন্নয়নে সরকারের এই পদক্ষেপকে বেশ ইতিবাচক  হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে ভাতা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন অ্যাথলেটরা। নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন জানান এই আনন্দের পাশাপাশি এটি ধরে রাখার চ্যালেঞ্জ তার কাছে। 

সাবিনা বলেন, ‘এটি অনেক গর্বের একটি মূহূর্ত। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। আমাদের অনেক ক্রীড়াবিদের জন্য সারপ্রাইজ ছিল এই মাসিক ভাতা। খেলোয়াড়রা এখন চোখ বন্ধ করে খেলাকে পেশা হিসেবে নিতে পারবে। আমার কাছে মনে হয়েছে, এতে খেলোয়াড়দের খেলার চাহিদা অনেক বেড়ে যেবে। যারা যখন দেখবে ভালো অর্থনৈতিক সাপোর্ট পাবে, তখন পারফরম্যান্সের অনেক উন্নতি হবে। যা অনেকটা চ্যালেঞ্জিং।’

আল আমিনের মতো আরেক শাটলার উর্মি আক্তারও ক্রীড়া কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

উর্মি বলেন, ‘আমরা গর্বিত, অনুপ্রাণিত। প্রধানমন্ত্রীর হাত থেকে মাসিক ভাতা নেওয়া এক দারুণ অনুভূতি, যা বলে বোঝানো সম্ভব নয়।’

ইসলামিক সলিডারিটি গেমসে রুপা জয়ী টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা বলেন, ‘কখনো ভাবতে পারিনি, মাসে এক লাখ টাকা করে পাব। এটি সব ক্রীড়াবিদের জন্যই খুশির ব্যাপার। এই ভাতা পারফরম্যান্সের ভিত্তিতে চার মাস পরপর পরিবর্তন হবে। তাই ক্রীড়াবিদদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হবে। তাই চ্যালেঞ্জটা আমরা পজিটিভভাবে নিতে চাই। আমি সবসময়ই চেষ্টা করছি দেশকে ভালো কিছু দেওয়ার। এই চ্যালেঞ্জটা আমাদের জন্য কঠিন হবে। যারা নতুন তাদের জন্যও খুবই ভালো হবে।’ 

দুদিন আগে থাইল্যান্ডে এশিয়া কাপ আরচারিতে কম্পাউন্ড দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য হিমু বাছাড়। তিনি বলেন, ‘ভবিষ্যৎ অনিশ্চয়তায় কেউ খেলাধুলায় আসতে চায় না। এখন ক্রীড়াবিদরা একটা ভাতার আওতায় আসায় অনেকেই তার পছন্দ অনুযায়ী খেলায় আসবে। বেশ দারুণ উদ্যোগ।’

দুবাইয়ে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের স্বর্ণ জেতা সাঁতারু মো. শহিদুল্লাহ বলেন, ‘নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের মতো প্যারা-অ্যাথলেটদের দুঃখ-কষ্ট বুঝতে পেরেছেন। স্বাভাবিক মানুষদের চেয়ে আমরা অনেক বেশি কষ্ট করি। দেশের জন্য আমরা কষ্ট করেছি। সরকারও আমাদের সহযোগিতা করছে। শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা আমাদের দেখে অনুপ্রাণিত হবে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই।’

ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। 

তিনি বলেন, ‘ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্রীড়া কার্ড একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে।’


  বিষয়:   বাংলাদেশ  ক্রীড়া  ইতিহাস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: