ইরান যুদ্ধে চূড়ান্ত বিজয় পাবে না ইসরায়েল। এমনকি হিজবুল্লাহকেও সামরিকভাবে নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক।
সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক চলমান যুদ্ধ পরিচালনায় ইসরায়েলি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
তিনি নেতানিয়াহু সরকারের এই সামরিক পদক্ষেপকে একটি ‘বড় বিভ্রমের’ ওপর ভিত্তি করে পরিচালিত বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলের সাবেক এ প্রধানমন্ত্রী আরও জানান, হিজবুল্লাহকে সামরিকভাবে নির্মূল করা সম্ভব নয়।
ইসরায়েলি চ্যানেল ১৩ এ প্রকাশিত এক মন্তব্যে বারাক বলেন, শুরু থেকেই যুদ্ধ পরিচালনায় মৌলিক ত্রুটি ছিল। ইরান যুদ্ধে ইসরায়েল চূড়ান্ত সামরিক বিজয় লাভ করতে পারবে না।
এ সময় তিনি ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামিরের দেওয়া সতর্কবার্তার কথা উল্লেখ করেন।
জামির ইসরায়েলের মন্ত্রিসভায় দশটি ভয়াবহ বিপদের কথা তুলে ধরেছিলেন বলে জানা গেছে। এ সময় তিনি জানান, এ যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর পতন হতে পারে।
এহুদ বারাক এ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নানা উদ্বেগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।
তিনি বলেন, মন্ত্রিসভার আলোচনা যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন বিষয়গুলোতে কেন্দ্রীভূত ছিল। অথচ ইসরায়েলি রিজার্ভ বাহিনীর ওপর চাপ, উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা পরিস্থিতি এবং ব্যবসার ওপর অর্থনৈতিক প্রভাবসহ মূল চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করা হচ্ছিল না।
এহুদ বারাক জোর দিয়ে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীতে জনবল ঘাটতির কোনো তাৎক্ষণিক সমাধান নেই। সরকার ইসরায়েলের উত্তরাঞ্চলকে সুরক্ষিত করাসহ আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে।
বারাকের মতে, সরকার অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে যুদ্ধের অগ্রগতি এবং উদ্দেশ্য সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করছে। ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়ে গেলেও রাজনৈতিক নেতৃত্ব কোনো বাস্তব ফল অর্জনে ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লাহ, হামাস ও ইরানসহ প্রধান পক্ষগুলো এখনও তাদের অবস্থানে রয়েছে। সামরিকভাবে ইরান ও হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব নয়। এখন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।