দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিক ফিরোজ কবিরের বাড়িতে এই অনশন কর্মসূচি পালন করছেন তিনি।
প্রেমিক ফিরোজ কবির (২৫) ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
এদিকে, এমন ঘটনা ওই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি বিরামপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। চার বছর আগে নিজ বাড়ি হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসা ফিরোজের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি অভিযোগ করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ফিরোজ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এমনকি অন্য কোথাও তার বিয়ের কথা চললে ফিরোজ বারবার তা ভেঙে দিতেন এবং সংসার করতে দেবেন না বলে হুমকি দিতেন।
ভুক্তভোগী আর জানান, গত সোমবার ফিরোজ ওই ছাত্রীর বাড়িতে যান। তখন দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথা চললে এবং কাজী ডাকার প্রস্তুতি নিলে কৌশলে পালিয়ে যান ফিরোজ। এরপর কোনো উপায় না পেয়ে মঙ্গলবার সকালে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই ছাত্রী।
তিনি অভিযোগ করে আরও বলেন, বাড়িতে ঢোকার পর ফিরোজের বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে এবং টানাহেঁচড়া করে বের করে দিয়েছেন।
জানতে চাইলে ফিরোজের বাবা আব্দুল কাদের জানান, আমি এই সম্পর্কের কথা জানি না। আবার গতকালকে আমার ছেলে তাদের বাড়িতে গেলে তাকে গায়েব করা হয়েছে। আমার ছেলেকে নিয়ে আসলে আমি তাদের বিয়ে দেবো।
মোকন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, ফিরোজ কবিরের সঙ্গে গত চার বছর ধরে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গতকালকে বিয়ের পিঁড়ি থেকে পালিয়েছে ফিরোজ। তাই আজকে বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে।
তিনি আরও বলেন, বিষয়টি সমাধানে আলাপ-আলোচনা চলছে। মেয়ের পরিবারকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফআর