রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত আব্দুর রহমান হল ও সৈয়দ নজরুল ইসলাম হল পুনরুদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অভিযান থেকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এদিন হল উদ্ধারের লক্ষ্যে বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি রায়সাহেব বাজার হয়ে আরমানিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং নেতারা হলের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পরবর্তীতে নেতাকর্মীরা টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলে যান। সেখানে হলের দেওয়ালে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’, ‘অবৈধ দখল ছাড়তে হবে’ ইত্যাদি স্লোগান সংবলিত লিখন এবং ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন। তারা দ্রুত হলগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করার দাবি জানান।
এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আল্টিমেটামের বিষয়ে বলেন, আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। আমরা মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে তাদের ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।
এ অভিযানে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।