দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধে বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার এমনটা উল্লেখ করে তিনি বলেন, অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার। তিনি বলেন, আমি আশা প্রকাশ করছি এবার সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন প্রতিনিধি আসতে পারে।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে সৌহার্দ্যরে বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।