ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, ইরানের দেওয়া শর্ত এবং জাতীয় স্বার্থ রক্ষা হলেই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি শাসনের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বন্ধের যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সভাপতিত্বে ইরানের মন্ত্রিসভার একটি বৈঠক হয়।
যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সর্বশেষ অবস্থা পর্যালোচনা এবং জরুরি সেবা বজায় রাখতে বিভিন্ন দফতরের কার্যক্রম মূল্যায়ন করতে এই সভার আয়োজন করা হয়।
বৈঠকে যুদ্ধকালীন বিশেষ পরিস্থিতিতে ইরানের সার্বিক অবস্থা, জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সেবামূলক প্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
দেশটির মন্ত্রিসভার সদস্যরা সেবাপ্রদান অব্যাহত রাখা, পণ্য সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং জনমনে প্রশান্তি বজায় রাখার বিষয়ে নিজ নিজ দফতরের প্রতিবেদন পেশ করেন।
পেজেশকিয়ান এই সংকটময় মুহূর্তে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সব খাতের প্রশংসা করে বলেন, ‘আগ্রাসন মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সেবাপ্রদান অব্যাহত রাখা জাতীয় সক্ষমতার প্রধান স্তম্ভ।’ শত্রুর ওপর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই ধারা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।