যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। অর্থাৎ বাংলাদেশ সময় কাল বৃহস্পতিবার সকাল ৭টায় ভাষণ দেবেন তিনি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভিট লিখেছেন, কাল রাতে ইস্টার্ন টাইম, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এর আগে, ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে।
তিনি ওই সময় আরও জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন।
তবে এক মাস পেরিয়ে গেলেও এখনো যুদ্ধ শেষ হয়নি। উল্টো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
যুদ্ধের শুরুর দিকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং এখনো তা বন্ধ রয়েছে। তবে দেশটি তাদের ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের ক্ষেত্রে সীমিতভাবে এই পথ ব্যবহার করতে দিচ্ছে।
বর্তমানে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে এই গুরুত্বপূর্ণ নৌপথটি আবারও সবার জন্য উন্মুক্ত করা।
/ইউএমএইচ