জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার ( ১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিহত খাদিজার মা ফরিদা ইয়াসমিন, লোকপ্রশাসনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জাকসু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ফরিদা ইয়াসমিন বলেন, আমার কথা বলার মতো কোনো ভাষা নেই। মেয়েকে বিয়ে দিয়েছি, কিন্তু কীভাবে কী হলো, তা জানি না। আমার মেয়েকে যারা হত্যা করেছে, তাদের সুষ্ঠু বিচারই আমার একমাত্র চাওয়া।
লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া শশি বলেন, শারমিনের হত্যার ১৮ দিন পরেও এ ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট অত্যন্ত জরুরি, যা এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেবে এবং শারমিনের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে।
লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হরে কৃষ্ণকুণ্ডু বলেন, আমরা কখনোই চাই না এভাবে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হোক, কিন্তু বাস্তবতা আমাদের বাধ্য করেছে। ১৫ মার্চ আমাদের শিক্ষার্থী নিহত হওয়ার পর এতদিন পেরিয়ে গেলেও এখনো ঘটনার সুনির্দিষ্ট কারণ বা দৃশ্যমান অগ্রগতি নেই। বিচারহীনতা অপরাধীদের উৎসাহিত করে।
আমাদের একটাই দাবি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এটি শুধু একজন শিক্ষার্থীর জন্য নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাষ্ট্রের সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে।
সময়ের আলো/জোই