চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম। নির্মাতা শিহাব শাহীন নির্মিত এই সিরিজটিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ও সংগীত পরিচালক শিল্পী প্রীতম।
র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসে ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন। এ ছাড়া তিনি একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন। এ প্রসঙ্গে সানজিদা তাসনিম বলেন, র্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলা- সবই আলাদা চ্যালেঞ্জ।
‘ক্যাকটাসে’ শিহাব শাহীন ভাইয়ের মতো যেকোনো গুণী নির্মাতা, মেহজাবীন আপু, প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে। তা ছাড়া দর্শকের কাছ থেকেও যে সাড়া পেয়েছি তা আমার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।
কথা প্রসঙ্গে তিনি জানান, মানসম্মত কাজের দিকেই বেশি মনোযোগী এবং বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া গত ঈদে সালাউদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইতে সাত পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’ প্রচারিত হয়েছে, যেখানে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
সানজিদা তাসনিমের মিডিয়াযাত্রা শুরু হয়েছিল একেবারেই শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের সেরা তিনের একজন হন।
সময়ের আলো/আআ