বাংলাদেশের স্বাস্থ্যখাতের জনবল এবার আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগের মুখ দেখতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যা দুই দেশের শ্রম ও সেবা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান দেশটিতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ। তিনি বাংলাদেশের দক্ষ মানবসম্পদের প্রশংসা করে বলেন, মালদ্বীপের স্বাস্থ্যখাতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দুই দেশের মধ্যে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা আরও বিস্তারের ওপর গুরুত্ব দেন। তিনি বিশেষভাবে দক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য মালদ্বীপে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান।
আরও পড়ুন
মালদ্বীপের পক্ষ থেকে জানানো হয়, দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদান ইতোমধ্যেই প্রশংসিত। নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগের আগ্রহ সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
আলোচনায় দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
এএডি/