ইসরাইলের উত্তরাঞ্চলে একযোগে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, সকালে উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ ৫০টির বেশি রকেট ছুড়ে। এতে সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনায় একটি রকেট আঘাত হানলে অন্তত দুইজন আহত হন।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলার সময় দেশটিতে ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পাসওভারের প্রথম দিন চলছিল। হঠাৎ রকেট হামলার সাইরেন বেজে উঠলে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়।
এদিকে ইসরাইলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরানের আইআরজিসি বাহিনীও।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি ভারি ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, এসব হামলা ইসরাইলের এইলাত, তেল আবিব ও বেনি ব্রাক শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং যুদ্ধের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে ওয়াশিংটন।
বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে ইরানের ওপর ‘দ্রুত, নির্ণায়ক ও ব্যাপক’ আঘাত হানা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বেশিরভাগ কৌশলগত লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে হিজবুল্লাহর সর্বশেষ হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।