প্রায় দুই দশক আগে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। সময়ের ব্যবধানে নিজেকে অভিনয়ে পরিণত করেছেন। নাটকের পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করেন তিনি। তার অভিনয় বরাবরই আকর্ষণ করে দর্শকদের। সেই ধারাবাহিকতায় ঈদে ‘লিলিথ’ ও ‘আমি একজন খুনী বলছি’ শিরোনামের দুই নাটকে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। দুই নাটকে তাকে দেখা গেছে ভিন্ন চরিত্রে।
আশিকুর রহমানের লিলিথ নাটকে তানজিকা আমিন অভিনয় করেছেন একজন সিঙ্গেল মাদারের ভূমিকায়। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর কথা হচ্ছে। এর গল্পটি পছন্দ করেছেন দর্শক। সেই সঙ্গে তারা পছন্দ করেছেন তানজিকার অভিনয়ও। যদিও সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় নিয়েই সবাই প্রশংসা করছেন, সিঙ্গেল মাদারের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল একাকী নারীর যাত্রা।
এতে নতুন এক তানজিকা আমিনকে খুঁজে পাওয়া গেছে বলে মন্তব্য অনেকের। লিলিথ নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সাখাওয়াত হোসেন। এই নাটকে তানজিকার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
অন্যদিকে রাফাত মজমুদার রিংকুর আমি একজন খুনী বলছি নাটকে তানজিকা অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। এই নাটকে আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও আইশা খান।
নাটক দুটি নিয়ে তানজিকা আমিন বলেন, ‘লিলিথ নাটকে যখন অভিনয় করার সময় এতটুকু বঝতে পেরেছিলাম যে নাটকটি দর্শকের ভালো লাগবে কিন্তু ভাবতে পারিনি যে দর্শক এতটা পছন্দ করবেন সবাই। এটি সত্য যে আমার অভিনীত লিলিথ নাটকটি এ-ক্লাশ অডিয়েন্সই উপভোগ করছেন, এটিই আমার ভালোলাগা। আমি একজন খুনী বলছি নাটকটিতে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। দুই নির্মাতার প্রতিই আন্তরিক কৃতজ্ঞতা।’
দুটি নাটকই প্রচারিত হয়েছে ইউটিউব চ্যানেলে। লিলিত প্রচার হয়েছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টে। আমি একজন খুনী বলছি দেখা যাচ্ছে রঙ্গন এন্টারটেইনমেন্টে। ইউটিউবে প্রচারিত নাটক নিয়ে তানজিক আমিন বলেন, ‘ইউটিউব চ্যানেলে নাটক করার বিষয়ে আমার ভেতরে দ্বৈত অনুভূতি কাজ করে। তবে আমি চাই এই মাধ্যমে আরও ভালো ভালো কাজ হোক। আরও ভিন্ন ভিন্ন কাজ হোক। তা হলে দর্শকরা আরও বেশি আগ্রহী হবেন।’
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিকা আমিনের দুই সিনেমা রাশেদ পলাশ পরিচালিত ‘রং বাজার’ ও রাজীব সালেহীনের ‘রবি ইন ঢাকা’। রং বাজার এই ঈদে মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহে আসেনি।
রং বাজার নির্মাণ হয়েছে নারায়ণগঞ্জের প্রায় ৪০০ বছরের পুরোনো যৌনপল্লী টানবাজারকে কেন্দ্র করে। অভিনেত্রীর মতে, টানবাজার উচ্ছেদের পরিকল্পনা ও উচ্ছেদ-পরবর্তী সময়ে যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেটিই সিনেমার মূল গল্প। সিনেমায় রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে।
সময়ের আলো/কেএইচও