তাইপেকে হারিয়ে শুরু আমিরুলদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

যুব হকি বিশ্বকাপে ৬টি ম্যাচের ৫টিতেই হ্যাটট্রিক করেন বাংলাদেশের আলোচিত ডিফেন্ডার আমিরুল ইসলাম। এর মধ্যে ৪টি ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও জেতেন।

2026-04-03T03:01:32+00:00
2026-04-03T03:01:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
তাইপেকে হারিয়ে শুরু আমিরুলদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:০১ এএম   (ভিজিট : ৪৩)
এশিয়ান গেমস হকি বাছাই পর্বে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের তারকা ফরোয়ার্ড পুষ্কর খীসা মিমোর চোখ ধাঁধানো স্টিক ওয়ার্ক। গতকাল থাইল্যান্ডের টার্ফে। ছবি : সংগৃহীত
যুব হকি বিশ্বকাপে ৬টি ম্যাচের ৫টিতেই হ্যাটট্রিক করেন বাংলাদেশের আলোচিত ডিফেন্ডার আমিরুল ইসলাম। এর মধ্যে ৪টি ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও জেতেন। গত বছর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা আমিরুল এবার জাতীয় দলের জার্সিতে নতুন মিশন শুরু করেছেন। 

গতকাল থাইল্যান্ডে শুরু হয়েছে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ৪-৩ গোলে জিতেছে মোহাম্মদ আশিকুজ্জামানের দল। মোহাম্মদ আশরাফুল ইসলামের জোড়া গোল এবং আমিরুল ইসলাম ও দ্বীন ইসলাম ইমনের গোলে এ জয় পায় বাংলাদেশ। তাইপের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ফরিদপুরের ছেলে আমিরুল।

ম্যাচের ফলাফলই বলছে তাইপের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। ডিফেন্ডারের দুর্বলতার সুযোগে শেষ মিনিটে ২ গোল হজম করেছে দল। শুধু তাই নয়, ম্যাচের শুরুতে তাইপেই এগিয়ে ছিল। সব মিলে কেমন হলো এশিয়ান গেমসের সূচনা- সময়ের আলোকে থাইল্যান্ড থেকে মোবাইল ফোনে আমিরুল জানান, ‘প্রথম ম্যাচে জয় পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। শেষ দিকে গরমের কারণে প্লেয়াররা কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় গোল হজম করতে হয়েছে। আশা করি সামনের ম্যাচে এই ভুলগুলো আর হবে না।’

সামনের ম্যাচের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। আজই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। লঙ্কান ম্যাচ প্রসঙ্গে আমিরুল বলেন, ‘শ্রীলঙ্কা ভালো দল। তবে আমরা তাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব। গরমের কারণে কিছুটা অস্বস্তিতে পড়লেও আমরা দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। আজ (গতকাল) কিন্তু ৪০/৪২ ডিগ্রি তাপমাত্রা ছিল। তবে আশার কথা দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই সুস্থ আছে। ম্যাচ খেলার মতো ফিট আছে।’

ম্যাচ জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে মন ভরেনি বাংলাদেশের কোচ আশিকুজ্জামানের। শেষ ৩ মিনিটে আমিরুলরা দুই গোল হজম করে সহজ ম্যাচ কঠিন করে তোলে। এ ব্যাপারে আশিকুজ্জামান বলেন, ‘পুরো ম্যাচে ছেলেরা দুর্দান্ত খেলেছে। তাইপের বিপক্ষে ম্যাচটি আমরা ৪-১ গোলের জয়ের প্রত্যাশায় ছিলাম। কিন্তু শেষ ৩ মিনিটে ম্যান মার্কিং ঠিক না থাকায় দুই গোল হজম করে সহজ ম্যাচ কঠিন করে তোলে। আশা করি সামনে এই ভুলগুলো হবে না।’

ম্যাচ কন্ডিশন একটা বড় প্রভাব ফেলেছে। গরমের কারণে দল অস্বস্তিতে পড়েছে। এ ব্যাপারে কোচ বলেন, এখানে অত্যধিক গরম। আমাদের দেশেও গরম পড়ে, কিন্তু এত তাপ না। আমরা আসলে এখানে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে এসেছি। আরও কিছু দিন আগে এলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো। তারপরও ছেলেরা নিজেদের যেভাবে গুছিয়ে নিচ্ছে, আশা করি কাল (আজ) শ্রীলঙ্কার বিপক্ষে আরও ভালো করবে।’

গতকাল তাইপের বিপক্ষে প্রথম কোয়ার্টারে লড়াইটা হয়েছে সমানে সমান। যদিও শুরুতে গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন লি চি-শুয়ান। সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতা নিয়ে প্রথম কোয়ার্টার শেষ হয়।

দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকেই আক্রমণ করে বাংলাদেশ। ২২তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। বাংলাদেশও ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করার পর শেষ মিনিটে দুই গোল হজম করে বাংলাদেশ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হার  আমিরুল  যুব হকি বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: