রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন কাজী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলে মারা যান সুমন কাজী। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃত সুমনের মামা শাহাদত হোসেন জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামে। তার বাবার নাম কাজী হাবিবুর রহমান। সুমন বর্তমানে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকতেন। সেখানে তার হার্ডওয়্যার ব্যবসা রয়েছে।
তিনি আরও জানান, গতকাল সুমন তার ভাগিনা মুরাদকে (১০) নিয়ে বরিশাল থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় বাড্ডা আসতেছিলেন। বনশ্রী এলাকায় আসলে একটি ট্রাক মোটরসাইকেলটিক ধাক্কা দেয়। এতে সুমন রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। তবে মুরাদ অক্ষত আছে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন সাহা জানান, রাতে বনশ্রী এলকায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জেডআই