মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ অব স্টাফ) জেনারেল র্যান্ডি জর্জ-কে পদত্যাগ করতে বলেছেন। সিবিএস নিউজ বিষয়টি নিশ্চিত করেছে এবং বিবিসি নিউজ বাংলা-এর প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ জর্জ শিগগিরই অবসরে যাচ্ছেন।
সেনাপ্রধানের দায়িত্বের মেয়াদ সাধারণত চার বছর হলেও, জেনারেল জর্জকে প্রায় দুই বছরেই সরিয়ে দেওয়া হচ্ছে। ২০২৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তবে তাকে কেন পদত্যাগ করতে বলা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুধু বলেছেন, সেনাবাহিনীতে এখন নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে।
জেনারেল জর্জ দীর্ঘদিনের অভিজ্ঞ সামরিক কর্মকর্তা হিসেবে প্রথম উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগানিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার অপসারণের পর সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তাকে একজন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতা হিসেবে উল্লেখ করে তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে প্রতিরক্ষা দপ্তর।
দায়িত্ব গ্রহণের পর থেকেই পিট হেগসেথ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করছেন। ইতোমধ্যে তিনি এক ডজনেরও বেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন এবং জয়েন্ট চিফস অব স্টাফ-এর কাঠামোতেও পরিবর্তন এনেছেন। বিশ্লেষকদের মতে, এটি বর্তমান প্রশাসনের সামরিক নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নেতৃত্ব পুনর্গঠনের একটি বড় পদক্ষেপ।
/ইউএমএইচ