‘সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই’– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে যায় সংগঠনটির একটি প্রতিনিধি দল। নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এ দলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রতিনিধি দলটি টুলি বেগম ও তার পরিবারের খোঁজখবর নেয়। তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং তাকে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গণমাধ্যমে প্রচারিত ওই মানবিক প্রতিবেদনকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’ টুলি বেগমের পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেয়।
/ইউএমএইচ