অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া চিকিৎসাধীন মৃত্যুর পর আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে আজিজুর রহমানের মরদেহ গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা।
মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
মরদেহ হস্তান্তরের সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন।
এ সময় সীমান্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিহতের স্বজনরা এ সময় কান্নায় ভেঙে পড়েন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ১৪ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে আটক করে। অভিযোগ রয়েছে, আটকের পর বিএসএফ সদস্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং পরবর্তীকালে তাকে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়।
গত ২২ মার্চ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই তার মৃত্যু হয়। পরে বিভিন্ন মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর এই লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে নিহতের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/আরবিএন