চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও পাহাড়ি জমি দখলকারী কাজী মশিউর রহমান (৬০) র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট রেল বিট এলাকায় র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তিনি ধরা পড়েন।
র্যাব-৭ সূত্রে জানা যায়, মশিউর দীর্ঘদিন ধরে মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
স্থানীয়দের কাছে ‘ছিন্নমূল মশিউর’ নামে পরিচিত এই সন্ত্রাসী জঙ্গল সলিমপুরে প্রায় ৩১০০ একর সরকারি খাস জমি দখল করে নিজের এক প্রকার অবৈধ রাজ্য গড়ে তুলেছিলেন। সেখানে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন, চাঁদাবাজি, এবং দেশের বিভিন্ন অঞ্চলের দাগী অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হতো।
জানা যায়, ২০২৫ সালের ৫ অক্টোবর দায়ের করা এক হত্যা মামলার ৪ নম্বর আসামি ছিলেন মশিউর। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলারও তিনি অন্যতম প্রধান আসামি।
র্যাব জানায়, মশিউরের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও পাহাড় কাটা-সহ অন্তত ২৭ থেকে ৩০টি গুরুতর মামলা রয়েছে। তিনি নিজস্ব সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে এলাকায় বসতিপ্রতিটি ঘর থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকার করলে নির্যাতন করা হতো।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মশিউরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার গ্রেফতারে জঙ্গল সলিমপুর ও সীতাকুণ্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/আরবিএন