আগামীকাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্পখাতের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল (৪ এপ্রিল) শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে

2026-04-03T21:12:03+00:00
2026-04-03T21:51:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আগামীকাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৯:৫১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্পখাতের বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল (৪ এপ্রিল) শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং সামষ্টিক অর্থনীতির নানা চ্যালেঞ্জের মুখোমুখি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত ও কাঠামোবদ্ধ সংলাপ গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, জুতা, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের ৯ জন শীর্ষ উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এই পরিষদ গঠনের পরিকল্পনা নেওয়া হয়। গত বছরের ফেব্রুয়ারিতে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ বিষয়ে প্রথম ধারণা দেন। তবে এরপর উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

কর্মকর্তারা বলছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে। এতে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সময়োপযোগী ও কার্যকর অর্থনৈতিক নীতি প্রণয়ন সহজ হবে।

উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ এম তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, র‍্যাংগস গ্রুপের সোহানা রউফ চৌধুরী এবং এসিআই-এর আরিফ দৌলা।

বিডা চেয়ারম্যান আশিক বিন হারুন বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো গভীরভাবে বোঝার জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি উদ্যোক্তাদের কাছ থেকে মাঠপর্যায়ের বাস্তবতা, প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য নীতিগত সহায়তা সম্পর্কে জানতে আগ্রহী। বিশেষ করে উৎপাদন খাতের তাৎক্ষণিক সমস্যাগুলো চিহ্নিত করাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে।

কর্মকর্তারা আরও জানান, বৈঠকে জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে, যা শিল্প উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে এবং ব্যয় বাড়াচ্ছে। পাশাপাশি উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতাও আলোচনায় আসবে।

এছাড়া, স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের প্রস্তুতি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় নীতিগত সমন্বয় নিয়েও আলোচনা হবে।

বৈঠকে আমন্ত্রিত এক ব্যবসায়ী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে উদ্যোক্তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছেন। জ্বালানি সংকট ও উচ্চ সুদহার বড় উদ্বেগের বিষয়, আর ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের দুর্বলতা ব্যবসায়ীদের আস্থায় প্রভাব ফেলছে।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ব্যবসায়ী মহল এই উপদেষ্টা পরিষদকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে, তবে তারা কার্যকর ফলাফল প্রত্যাশা করছে। তিনি জানান, অটোমোবাইল খাতে কর ব্যবস্থা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং নীতির ধারাবাহিকতা নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা তারা বৈঠকে তুলে ধরবেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মটি বাস্তবসম্মত সংস্কারের পথ তৈরি করবে।


/ইউএমএইচ



  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: