ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের পূর্বাঞ্চলে সাময়িক সতর্কতা জারি করা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ পূর্বাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে একটি সংক্ষিপ্ত বার্তা দেয়। সম্ভাব্য ঝুঁকির কারণে এই সতর্কতা জারি করা হলেও পরে জানানো হয়, পরিস্থিতি কেটে গেছে এবং সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে কী ধরনের ঝুঁকি ছিল বা কেন এই সতর্কতা দেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কর্তৃপক্ষ বলেছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাঁচটি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
শনিবার (৪ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদিনে অন্তত দুটি যুদ্ধবিমান, দুটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ধ্বংস করেছে।
আইআরজিসি জানায়, খোমেইন ও জানজান অঞ্চলের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এছাড়া ইসফাহানে দুটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।
একই দিনে মধ্য ইরানে একটি উন্নত যুদ্ধবিমান ধ্বংসের কথাও জানানো হয়েছে। ওই বিমানের পাইলট নিখোঁজ রয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে দক্ষিণাঞ্চলের আকাশে একটি এ-১০ থান্ডারবোল্ট II যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে, যা পরে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।
এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে ইরান।
সময়ের আলো/আরবিএন