রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গে ৩৮ শিশুর মৃত্যু হলো।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
ডা. শংকর কে বিশ্বাস জানান, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত এ ৩ শিশুর মৃত্যু হয়।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ২৪ শিশু রোগী ভর্তি হয়েছে। আর ছাড়পত্র পেয়েছে ৩ শিশু। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী আছেন ১৪৯ শিশু। এর মধ্যে বয়স্ক কয়েকজনও আছেন। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
এদিকে শনিবার সকালে রামেক হাসপাতালের হামের আইসোলেশন পরিদর্শন করেছেন নবনিযুক্ত রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে হাসপাতালের হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন তারা।
সময়ের আলো/কেএইচও