কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সাবেক এমপি প্রার্থী অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানান, অসুস্থ মাকে দেখতে অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সম্প্রতি বাড়িতে আসেন। জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত সময় অবস্থান করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর কিছুক্ষণ পর তার আপন ভাইদের সঙ্গে কাকৈরতলা বাজারে পারভেজ নামে এক ব্যক্তির বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এর জেরে পারভেজের নেতৃত্বে একদল লোক মিছিল নিয়ে সিদ্দিকীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং লুটপাট করে।
এমপি প্রার্থী অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকীর ভাই ভুক্তভোগী কাজী আবু নোমান জানান, হামলায় তাদের একটি মোটরসাইকেল, ফ্রিজ, আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়। লুট হওয়া স্বর্ণের পরিমাণ ১২ ভরি এবং নগদ ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করে ভুক্তভোগী।
হামলায় অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকীর তিন ভাইসহ পরিবারের সদস্য মিলিয়ে অন্তত ৫ জন গুরুতর আহত হন।
সিদ্দিকীর ভাই কাজী আবু নোমান বলেন, হামলায় নেতৃত্ব দেন বিএনপি নেতা পারভেজ ভুট্টু, আমান সহ ২০-৩০ জন। এছাড়াও স্থানীয়ভাবে সুদি মিজান, শিপন, শাওন ও মতিনসহ আরও অনেকেই হামলায় অংশ নেয় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, হামলা ভাঙচুরে ও মারধরের খবর পেয়েছি এবং দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সময়ের আলো/আরবিএন