স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর নেতৃত্বে এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমন্বয়ে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল। তেলিয়াপাড়ার সেই পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়। আর এই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেলিয়াপাড়া দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল আরও বলেন, ঐতিহাসিক তেলিয়াপাড়ার স্মৃতি সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অচিরেই সব ধরনের কাজ করবে। একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত ও দলীয়করণ করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিল। কিন্তু এদেশের মানুষ তাদের সেই বিকৃত ইতিহাস প্রত্যাখান করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সংসদ সদস্য এসএম ফয়সল, সংসদ সদস্য আবুল মনসুর সাখাওয়াত হাসান জীবনসহ অন্য নেতারা।
সময়ের আলো/জোই