লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বাংলাদেশ) সভাপতি কর্নেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য ও জামায়াত ইসলামির অনুষ্ঠানে নিজেকে স্বাধীনতা ঘোষণার মূল ব্যক্তি দাবি করার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, কর্নেল অলি বিভিন্ন সময় বিএনপি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে। নিজের ছেলেকে অধিক শিক্ষিত ও অধ্যাপক দাবি করছেন। জামায়াতের আমিরের সঙ্গে মিলে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেশ ও দেশের মানুষের সঙ্গে বেঈমানি করেছেন।
বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুগ্রহে ক্যাপ্টেন থেকে কর্নেল হয়ে রাজনীতিতে স্থান নিয়ে মন্ত্রী হয়েছেন অলি। বিএনপির সঙ্গে বেঈমানি করার পর থেকে তার পতন শুরু হয়েছে। তাকে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানানো হলো। অন্যথায় চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহামুদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা মোর্শেদুল আলম, চন্দনাইশ পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মো. মাহফুজ প্রমুখ।
সময়ের আলো/জোই/এফআর