বিএনপির রাজনীতি মুনাফেকি আর সুবিধাবাদের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশগুলোর মধ্যে যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতা বৃদ্ধি করে সেই অধ্যাদেশ গুলো বিএনপি সরকারের খুব পছন্দ। কিন্তু যেই অধ্যাদেশ গুলো জনগণের কাছে সরকারকে জবাবদিহিতে বাধ্য করে সেই অধ্যাদেশ গুলো বিএনপির খবুই অপছন্দ। এজন্য বিএনপি বাছাই করে সেই অধ্যাদেশ গুলো বাতিল করার পথে হাঁটছে। বিএনপির রাজনীতি একদিকে সুবিধাবাদী আরেকদিকে মুনাফেকি। তারা মুখে এক কথা বলে, কাজে আরেকটা করে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সরকার গঠনের পর গণভোটের রায় তারা মেনে নিচ্ছে না। ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকতে পারবেন না।
তিনি ২৮ অক্টোবরের কথা তুলে ধরে বলেন, বিএনপির ভুলের খেসারত দিতে হয়েছে ২৮ অক্টোবর। আবারও যদি বিএনপির ভুলের খেসারত দিতে হয় তবে দেশবাসী বিএনপিকে আর ক্ষমা করবে না।
এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুল ইসলাম ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. ওমর ফারুক, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদসহ ১১ দলের শীর্ষ নেতারা।
এফআর