গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি সরকার জনগণের বিপক্ষে হাঁটছে উল্লেখ করে ড. আহমদ আবদুল কাদের বলেন, জনগণের বিপক্ষে কেবলমাত্র ফ্যাসিবাদী সরকার হাঁটে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলতে পারে না, চলতে দেওয়া হবে না।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি গণভোটের রায় মেনে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় তারা কখনো জনপ্রতিনিধি হতে পারে না। তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়।
তিনি বলেন, সংবিধান সংশোধন করা সংসদের রুটিন কাজ। রুটিন কাজের জন্য জুলাই বিপ্লব হয়নি, গণভোট হয়নি। জুলাই বিপ্লব এবং গণভোট হয়েছে সংস্কারের জন্য। তাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা জনগণ আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ রাজপথে নেমে আসলে পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না।
এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুল ইসলাম ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. ওমর ফারুক, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদসহ ১১ দলের শীর্ষ নেতারা।
এফআর