গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন জোনায়েদ সাকি।
শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণসংহতি আন্দোলনের একটি নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন, তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। সেই নীতিগত অবস্থানটাই আমরা এখন বাস্তবে রূপ দিচ্ছি। যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং এ অবস্থাতেই সরকারে যোগ দিয়েছি।
বর্তমান সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন সাকি। তিনি বলেন, আমরা মূলত নির্বাচনের পরপরই এই নীতি কার্যকর করেছি। কিন্তু ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি, কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক প্রস্তুতির কিছু বিষয় ছিল। আগামী ৮ মে আমাদের দলের নতুন সাংগঠনিক সম্মেলন হবে। সেখানে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জোনায়েদ সাকি। এরপর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
/ইউএমএইচ