দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে। এ ছাড়াও হাম স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউর ‘সি’ ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্তদের জন্য ৮ শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে এবং এর পাশাপাশি এটা সম্প্রসারিত করা হয়েছে।
বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছে। হাম রোগের বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। আর ২ নম্বর বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া ‘এফ’ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের হাম ওয়ার্ড পরিদর্শন করেন।
এফআর