রাজধানীর কেরানীগঞ্জ কদমতলী এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুইজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে আসেন।
স্বাস্থ্যমন্ত্রী দগ্ধ রোগীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এছাড়া ভর্তিরত অন্য রোগীদেরও খোঁজ নেন। এসময় বার্ন ইনস্টিটিউটের পরিচারক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা গেছে, শনিবার বিকালের দিকে দগ্ধ দুজনকে ভর্তি করা হয়। দগ্ধরা হলো- কারখানার কর্মচারী আসিফ মোল্লা (১৬) ও জিসান (১৮)। তাদের দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।
পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, কেরানীগঞ্জের কদমতলি থেকে দুজন রোগী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে জিসানের ২২ শতাংশ ও আসিফের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এফআর