ইরানের পেট্রোকেমিক্যালে বড় ধরনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নরের নিরাপত্তা-বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ

2026-04-05T03:49:56+00:00
2026-04-05T03:49:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পেট্রোকেমিক্যালে বড় ধরনের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ এএম 
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নরের নিরাপত্তা-বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি। তিনি জানিয়েছেন, মাহশাহর কমপ্লেক্সের পাশাপাশি বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিও হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন তিনি। ইরানি গণমাধ্যমগুলোর বরাতে হায়াতি আরও জানান যে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আক্রান্ত এই দুটি স্থাপনাই ইরানের তেল ও গ্যাস শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই এলাকাটি ইরানের পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রধান কেন্দ্র এবং এখান থেকেই উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করা হয়। পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

সম্ভাব্য দূষণ নিয়ে শঙ্কা থাকলেও তারা আশ্বস্ত করেছে যে, ছড়িয়ে পড়া রাসায়নিক পার্শ্ববর্তী শহরগুলোর জন্য বিপজ্জনক নয়। এদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিবিসির কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি : ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, এই ধরনের হামলা কেবল উপসাগরীয় দেশগুলোতে মানুষের প্রাণ কেড়ে নেবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইউক্রেনের জাপোরোঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সংঘাত নিয়ে পশ্চিমাদের সেই ক্ষোভের কথা মনে আছে? ইসরাইল এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বুশেহর কেন্দ্রে চারবার বোমা হামলা চালিয়েছে।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই ধরনের হামলার ফলে সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিওঅ্যাকটিভ ফলআউট তেহরানের চেয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যভুক্ত দেশগুলোর রাজধানীতে প্রাণের অস্তিত্ব শেষ করে দেবে।
ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর মাধ্যমে আক্রমণকারীদের আসল উদ্দেশ্যই এখন পরিষ্কার হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।

পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই তেজস্ক্রিয়তা বড় ধরনের হুমকি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আরাঘচি। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।

চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় ট্রাম্পের : ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সেই সময় শেষ হয়ে আসছে।’  তিনি আরও লিখেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

উল্লেখ্য, গত ২৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ১০ দিন ইরানের জ্বালানি স্থাপনায় কোনো ধরণের আক্রমণ চালাবে না যুক্তরাষ্ট্র। সেই ১০ দিনের সময়সীমা শেষের দিকে, যার পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প।
পৃথক এক পোস্টে ট্রাম্প মার্কিন অর্থনীতিতে তার শুল্ক নীতির সাফল্যের কথা তুলে ধরেন। তবে পোস্টের শেষে তিনি লিখেন, ‘সবকিছুর পাশাপাশি আমরা একই সঙ্গে পরমাণু শক্তিসম্পন্ন দেশ ইরানকে বিদায় করছি।’

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  পেট্রোকেমিক্যাল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: