সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার কিছু সময় পরে শুরু হয়ে বিকেল ৩টার আগেই বৈঠকটি শেষ হয়।
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে বা এ বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেননি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দপ্তরে অপেক্ষা করেছেন।
এদিকে নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ডাকে ৬ দিনের কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।
সময়ের আলো/আরবিএন