ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আজ সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সোমবার কমিশনের ১১তম সভা শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করবে ইসি। এ ক্ষেত্রে ভোটের জন্য দুটি তারিখ (১০ মে ও ১২ মে) প্রস্তাব আকারে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভোটের তারিখসহ তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।
এ বিষয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ৬ এপ্রিল কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
সচিব আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটবদ্ধ হয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নেবে। অন্যদিকে বিএনপির সঙ্গে জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ ছাড়া পাঁচজন স্বতন্ত্র সংসদ সদস্য একসঙ্গে হয়ে আলাদা জোট গঠন করেছেন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সময়ের আলোকে বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের চাহিদা অনুযায়ী সব তথ্য কমিশনে জমা দিয়েছে। নির্বাচনে তাদের জোটসংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়েছে। তিনি বলেন, খুব সম্ভবত ৬ এপ্রিল নির্বাচনের শিডিউল হতে পারে। তখন রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত ব্যক্তিদের তালিকা জমা দেবে।
সংরক্ষিত নারী আসনের ভোটের আইনি ব্যাখ্যা দিয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, আইন অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে কি না সে বিষয়ে কার্যক্রম শেষ করতে হয়। এরপরের দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে হিসেবে আগামী ৫ এপ্রিল ৩০ কার্যদিবস শেষ হবে এবং ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সে হিসাবে আগামী ১৪ মে’র আগে যেকোনো দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সংসদে অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসনের আনুপাতিক হারে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হয়।
সময়ের আলো/আআ