বড়পর্দায় ফিরতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। আসছে কুরবানির ঈদের জন্য নির্মাণ পরিকল্পনায় থাকা পরিচালক ভিকি জাহেদের সিনেমায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। আর তার বিপরীতে থাকতে পারেন অভিনেতা আফরান নিশো। এরই মধ্যে এই দুই অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্তের পথে বলে জানা গেছে। আর তা শেষ পর্যন্ত চূড়ান্ত হলে সিনেমায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে তাদের।
জানা গেছে, জুটির প্রথম সিনেমার নাম ‘পুলসিরাত’। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমাটির নির্মাতা ভিকি জাহেদ এরই মধ্যে- পুনর্জন্ম, রেডরাম, শিল্পী, চম্পা হাউস, নির্বাসনসহ একাধিক জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।
সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবা হচ্ছে। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ মাসেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীরা। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বড় আয়োজনের মধ্য দিয়ে শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। এরপর ‘দাগি’ সিনেমায়ও প্রশংসিত হন তিনি। সেই ধারাবাহিকতায় তার অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পায় গত ঈদুল ফিতরে। যেখানে তার সঙ্গে আছেন পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি বর্তমানে মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে শাহজাহান নূর চরিত্রে অভিনয় করেছেন নিশো। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবর এলো এই অভিনেতার। অন্যদিকে মেহজাবীন চৌধুরীও বড়পর্দায় নিজের জায়গা তৈরি করছেন ধীরে ধীরে। ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমা দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পেয়েছে প্রশংসা ও স্বীকৃতি।
সময়ের আলো/আআ