যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সঙ্গে সঙ্গেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) মধ্যরাতের কিছু পর লাফায়েট পার্ক এলাকার আশেপাশে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে তারা।
সিক্রেট সার্ভিস জানায়, এ ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
জানা গেছে, এই ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।
সিক্রেট সার্ভিস আরও জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানান, ইস্টার উপলক্ষে এই সপ্তাহে ট্রাম্প ‘হোয়াইট হাউস ও ওভাল অফিসে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
/ইউএমএইচ