দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানার ভক্তদের জন্য তার জন্মদিনে নিয়ে এলো বড় সারপ্রাইজ। আসন্ন সিনেমা মাইসার একটি নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়ে দিলেন- এবার একদম অন্য এক রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে।
প্রকাশিত সাদাকালো পোস্টারে রাশমিকাকে দেখা গেছে বেশ কঠিন ও আক্রমণাত্মক ভঙ্গিতে। মুখে আঘাতের চিহ্ন, চোখে তীব্রতা- সব মিলিয়ে তার চরিত্রে প্রতিশোধ-পরায়ণ এক নারীর আভাস স্পষ্ট। এতে ধারণা করা হচ্ছে, এই সিনেমায় তিনি তার আগের রোমান্টিক বা ‘গার্ল-নেক্সট-ডোর’ ইমেজ থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ঘরানায় অভিনয় করছেন।
ছবির পরিচালক রবীন্দ্র পুল্লে পোস্টারটি প্রকাশ করে জানান, এবার দর্শকরা রাশমিকাকে এক ‘রণচণ্ডী’ রূপে দেখতে পাবেন। তার ভাষায়, এটি হতে পারে অভিনেত্রীর ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্সগুলোর একটি।
আরও পড়ুন
আনফর্মুলা ফিল্মসের ব্যানারে নির্মিত মাইসা মূলত একটি উপজাতীয় প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশনধর্মী সিনেমা। গল্পে থাকবে সংগ্রাম, প্রতিশোধ এবং বেঁচে থাকার লড়াই। সিনেমাটি ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে পা রেখেছেন রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের সঙ্গী বিজয় দেবরাকোন্ডাকে।
পরবর্তীতে হায়দরাবাদে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার, যেখানে চলচ্চিত্র অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেশজুড়ে মিষ্টি বিতরণ ও দাতব্য কার্যক্রমও করেছেন এই তারকা দম্পতি।
এএডি/