সিলেটে হামের প্রাদুর্ভাবে প্রথমবারের মতো এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে, দিন দিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় সিলেটের হাসপাতালগুলোতে তৈরি হয়েছে বাড়তি চাপ ও উদ্বেগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন কেন্দ্রে সোমবার রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে, যা গত শুক্রবার ছিল ৪১ জন।
এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জনসহ সিলেট বিভাগের চার জেলায় মোট ১০১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই হাসপাতালের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা সেবা দিচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। জটিল রোগীদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়তি চাপ মোকাবিলায় আইসিইউ বেড সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার কাজ চলছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রোগীর চাপ বাড়ায় আইসিইউ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, প্রথম শিশুমৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এফআর