কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে শীর্ষ নেতৃত্বকে ঘিরে ওঠা বিতর্কে। দেশটির বৃহত্তম তেল কোম্পানি ইকোপেট্রলের প্রধান নির্বাহী রিকার্দো রোয়ার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগে তদন্ত শুরু হওয়ায় কোম্পানির নেতৃত্বে সাময়িক পরিবর্তন এসেছে।
কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, রোয়া ইতোমধ্যে ছুটিতে গেছেন এবং নির্ধারিত সময় শেষে তিনি আরও এক মাসের বেতনবিহীন ছুটি নেবেন। ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই ছুটি চলবে মে মাসের শেষ পর্যন্ত, এরপর অতিরিক্ত ৩০ দিনের বিরতি নেবেন তিনি। সব মিলিয়ে জুনের শেষ নাগাদ তার কাজে ফেরার সম্ভাবনা রয়েছে।
এই সময়ের জন্য ইকোপেট্রলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তা হুয়ান কার্লোস হুরতাদো পারা, যিনি এর আগে কোম্পানির হাইড্রোকার্বন বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন
রোয়ার বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছে কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর। অভিযোগে বলা হয়েছে, তিনি একটি গ্যাস-সংক্রান্ত প্রকল্প নির্দিষ্ট একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার জন্য কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তার ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তার ব্যক্তিগত লেনদেনও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয়। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার ব্যয় নিয়ে অনিয়মের অভিযোগে জাতীয় নির্বাচন পরিষদও আলাদা একটি তদন্ত চালাচ্ছে। ওই নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন রোয়া, যেখানে বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জয়ী হন।
তবে সব অভিযোগই অস্বীকার করেছেন রিকার্দো রোয়া। এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এএডি/