নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য ও জাহিদ হাসান।
সোমবার (৬ এপ্রিল) এ দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
আবেদনপত্রে জকসুর পক্ষ থেকে বলা হয়, ‘মাতৃত্বকাল একজন নারী শিক্ষার্থীর জীবনের অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে শারীরিক, মানসিক ও সামাজিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, যার কারণে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।’
আরও পড়ুন
আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে অনেক নারী শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিতভাবে একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে পড়েন এবং সেশন জটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তাই তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি।’
জকসুর প্রস্তাবনায় বলা হয়, ‘নারী শিক্ষার্থীদের জন্য ৪ থেকে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা, ছুটিকালীন সময়ে উপস্থিতিতে শিথিলতা প্রদান, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিত বা বিকল্প পরীক্ষার সুযোগ রাখা এবং ছুটি শেষে নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রমে ফিরে আসার জন্য সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এএডি/