দেশে হামের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করছে- এমন পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, টিকা বিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের বিস্তার বাড়ছে। এসব বিষয় নিয়ন্ত্রণে না আনলে জনস্বাস্থ্য ঝুঁকি আরও গভীর হবে।
রিজভী উল্লেখ করেন, বর্তমানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলে হামের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়েই কয়েক সপ্তাহে বহু প্রাণহানির তথ্য তুলে ধরে তিনি বলেন, শিশুদের মৃত্যু বিশেষভাবে উদ্বেগজনক এবং এটি প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত না করলে রোগ প্রতিরোধ সম্ভব নয়। টিকা নিয়ে বিভ্রান্তি দূর করা এবং সচেতনতা বাড়ানোকে তিনি এই সংকট মোকাবিলার প্রধান উপায় হিসেবে দেখছেন।
স্বাস্থ্যখাতে গবেষণা ও বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দেন তিনি। তার মতে, পর্যাপ্ত অর্থ বরাদ্দ ছাড়া কার্যকর গবেষণা সম্ভব নয়, যা দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধে বড় বাধা হয়ে দাঁড়ায়।
রিজভীর ভাষ্য, জনগণ প্রত্যাশা করে- যেকোনো মহামারি বা সংক্রমণ দেখা দিলে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে। তাই হামের মতো প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
এএডি/