ভারতের দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে উষ্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যার শক্তি দুই দেশের মানুষের সম্পর্কের মধ্যে নিহিত। এই সফর ভারত-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও জোরদার করবে।
সফরসূচি অনুযায়ী, ৮ এপ্রিল ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৈঠকে আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী বৃহস্পতিবার দিল্লি থেকে মরিশাসগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে একই সঙ্গে যাত্রা করবেন। মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন তারা।
সময়ের আলো/আআ