ইরানের পাল্টা ১০ দফার নতুন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর সময়সীমা

2026-04-08T01:33:10+00:00
2026-04-08T01:33:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পাল্টা ১০ দফার নতুন প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৩৩ এএম 
ইসমাইল বাঘেই। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে ইরান একটি নতুন ১০ দফার প্রস্তাব পেশ করেছে। 

তবে দেশটি সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান এবং নিরাপত্তার সুনির্দিষ্ট গ্যারান্টি চায়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সাময়িক বিরতি শত্রুপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয় এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে। যুদ্ধের স্থায়ী অবসান চেয়েছে তেহরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তারা কোনো সাময়িক সমাধান নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ ইতি চান। এর আগে রয়টার্স এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যা দুই ধাপের একটি চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগোবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার প্রস্তাবের বিপরীতে নিজেদের এই ১০ দফা পরিকল্পনা জমা দিয়েছে। তেহরান এই যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মধ্যপ্রাচ্যে সব ধরনের সংঘাতের অবসান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ প্রটোকল তৈরি এবং ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ভবিষ্যতে তাদের ওপর আর কোনো হামলা করবে না এমন নিশ্চয়তা দাবি করেছে। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলা বন্ধের শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
 প্রস্তাব অনুযায়ী, ইরান বিতর্কিত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে রাজি হয়েছে। তবে শর্ত হিসেবে সেখানে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি আদায়ের কথা বলা হয়েছে। এই অর্থের একটি অংশ ওমানকে দেওয়া হবে এবং বাকি অংশ দিয়ে মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামো পুনর্গঠন করা হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে ইরানের এই ১০ দফার প্রস্তাবকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করলেও পরে জানিয়েছেন, এটি বর্তমান পরিস্থিতির জন্য যথেষ্ট নয়। উল্লেখ্য, ট্রাম্প গত রোববার ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত তাদের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের ডেডলাইনের মধ্যে চুক্তির সম্ভাবনা নেই। কারণ দুই দেশের মধ্যে যেসব ইস্যু নিয়ে মতপার্থক্য আছে সেগুলো ব্যবধান অনেক বেশি। আর মঙ্গলবার রাতের মধ্যে তারা ইস্যুগুলো নিয়ে একমত হতে পারবে না।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প তার কাছের লোকদের কাছে বলেছেন চুক্তি হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন। যদিও আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি বদলে যেতে পারে।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও বলেছেন, ট্রাম্প হয়তো মঙ্গলবার সন্ধ্যায় ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন। কিন্তু এ নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছেন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়তে পারে আগামী মধ্যবর্তী নির্বাচনে।

ট্রাম্পের সম্ভাব্য হামলার নির্দেশের ব্যাপারে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, ‘শুধু প্রেসিডেন্ট ট্রাম্প জানেন তিনি কী করবেন। তার সিদ্ধান্তের বিষয়টি দ্রুতই স্পষ্ট হবে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটন ইরানের কাছে যুদ্ধ শেষ করার জন্য যে ১৫ দফা দাবি পাঠিয়েছিল, তার একটি জবাব তৈরি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দেওয়া দাবিগুলোকে অনেক বেশি, অস্বাভাবিক এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছেন বাঘেই। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা খুবই বাজে বলেও উল্লেখ করেছেন তিনি।

গত পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরান ও ইসরাইল যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার আগেই এই কূটনৈতিক তৎপরতা কোনো সমাধানে পৌঁছাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।



  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরাইল  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: